শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের সিদ্দিক মুরাদের বিরুদ্ধে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. রাবেয়া আক্তারকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৭ আগস্ট দুপুরে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সচিব কক্ষে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নারী সদস্যের লিখিত আবেদনের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এলাকার এক নাগরিকের উত্তরাধিকার সনদের আবেদনের কাগজপত্র যাচাই-বাছাই করে নারী সদস্য রাবেয়া আক্তার স্বাক্ষর প্রদান করেন। তবে ইউপি সদস্য আবুল খায়ের সিদ্দিক মুরাদ সেই স্বাক্ষর কেটে দিয়ে নিজের স্বাক্ষর বসান। রাবেয়া আক্তার এর কারণ জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি রাবেয়া আক্তারের ওপর চড়াও হয়ে শ্লীলতাহানি ঘটান এবং এলোপাতাড়ি মারধর করেন। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করলে অভিযুক্ত মুরাদ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। আহত রাবেয়া আক্তার পরবর্তীতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা জানান, নারী জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক এবং দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবুল খায়ের সিদ্দিক মুরাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে সংযোজন করা হবে।
মামলা ও সার্বিক বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, “নারী ইউপি সদস্যকে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
