কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মহসিন মিয়া মধু। তিনি সম্প্রতি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে তিনি উল্লেখ করেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি বৈচিত্র্যময় জনপদ; যেখানে মুসলিম, হিন্দু, মণিপুরি, খাসিয়া ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয় রয়েছে। এই বৈচিত্র্যই এ অঞ্চলের শক্তি ও গর্ব। পর্যটন, চা-শিল্প, কৃষি ও মানবসম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে জনপদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের মাধ্যমে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। চা-শ্রমিক জনগোষ্ঠীর কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন উন্নয়ন ও ন্যায্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদার ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করা হবে।
ইশতেহারে আরও বলা হয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।
পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি লাউয়াছড়া ও আশপাশের বনাঞ্চল সংরক্ষণ, অবৈধ গাছ কাটা রোধ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক খামার স্থাপনে প্রশিক্ষণ, সহজ ঋণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও রেল অবকাঠামো উন্নয়ন এবং শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি গ্রাম ও চা-বাগান এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে টেকসই বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
কৃষিখাতে মানসম্মত বীজ ও সার সরবরাহ, আধুনিক কৃষিযন্ত্র প্রদান, আনারস, লেবু ও টমেটোসহ উচ্চমূল্যের ফসল চাষে প্রশিক্ষণ এবং পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন এবং ভূমি সেবা, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সহজ ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মহসিন মিয়া মধু বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে শোষণমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক জনপদে রূপান্তর করাই আমার লক্ষ্য। মানুষের জন্য রাজনীতি, মানুষের পাশে থেকে কাজ করাই হবে আমার অঙ্গীকার।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
