শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার গুহ রোড এলাকায় তালাবদ্ধ একটি ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গ্রিল ও দরজা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সুদর্শন শীল (৫০), পিতা-মোহন লাল শীল, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক। তিনি লিখিত অভিযোগে জানান, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে স্ত্রী সঞ্চিতা কালোয়ারকে নিয়ে পারিবারিক কাজে কুলাউড়া যান। ২০ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের পেছনের গ্রিল ও দরজা ভাঙা এবং আলমারি ও ওয়ারড্রব তছনছ অবস্থায় রয়েছে।
অভিযোগ অনুযায়ী, চোরেরা বাসার পেছনের দিক দিয়ে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ ২ লাখ টাকা এবং আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৩০ লাখ টাকা) চুরি করে নিয়ে যায়। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ লাখ টাকা।
ঘটনার সাক্ষী হিসেবে সঞ্চিতা কালোয়ার (৪১) ও হাজি ফরিদ উদ্দিন (৬৫), উভয়েই একই এলাকার বাসিন্দা, নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় চুরির ঘটনায় বাসিন্দারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা রাত্রীকালীন টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
অপরদিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
