স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা শহরের পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের একটি মাংসের দোকান পচা খাসির মাংস বিক্রির অভিযোগে বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ২ মার্চ ২০২৬ ইং তারিখে অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির সময় দোকানটিতে ঝোলানো খাসির মাংসের অস্বাভাবিক রং ও তীব্র দুর্গন্ধ লক্ষ্য করা যায়। কর্তৃপক্ষের দাবি ছিল, মাংসটি আগের দিন জবাই করা হয়েছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়।
ল্যাব পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, মাংসটি পচা এবং মানবদেহের জন্য সম্পূর্ণ অনুপযোগী। এরপর জব্দকৃত খাসির মাংস স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সাথে জড়িত এমন অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বাজারের অন্যান্য মাংস ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে, যাতে তারা সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা আরও কঠোর করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
