শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা তরুণীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও পুলিশ ভিকটিমের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে দৃশ্যমান অগ্রগতি জানাতে পারেনি।
প্রসঙ্গত নারীর দেহের কাপড়ের পরিচয় ছাড়া তার মুখ মন্ডলের সঠিক চিত্র প্রদান করা সম্ভব হচ্ছে না, তাছাড়া ফিংগারপ্রিন্ট এক্সপার্টরাও মিলাতে পারেনি।
পুলিশ ও মামলা সূত্রে আরো জানা যায়,গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ফরেস্ট ক্যাম্পের অন্তর্গত ডলুছড়া এলাকায়, সমতল ভূমি থেকে প্রায় ১০০ ফুট উঁচু টিলার ওপর জঙ্গলের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হয়।
মরদেহ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা রুজু করা হয়। ভিকটিমের পরিচয় শনাক্তের লক্ষ্যে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরীক্ষা চালালেও এখন পর্যন্ত কোনো মিল পাওয়া যায়নি। মৃতদেহের ছবি ও বিবরণ দেশের বিভিন্ন থানায় বেতার বার্তার মাধ্যমে পাঠানো হলেও কোনো পরিবার বা স্বজন এখনো যোগাযোগ করেনি।
তদন্ত সংশ্লিষ্ট মামলার আইও মুহিবুর রহমানের সূত্রে জানা গেছে , তিনি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত—খালি পানীয় বোতল, সিগারেটের ফিল্টার ও পলিপ্যাক—ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সেগুলো থেকেও এখনো নিশ্চিত কোনো সূত্র মেলেনি।
পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় গোপন রাখতে মরদেহ নির্জন জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। কিন্তু ভিকটিমের পরিচয় অজানা থাকায় তদন্তে অগ্রগতি ব্যাহত হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ধরনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করতেছি এর ক্লূ উদ্ঘাটনের জন্য, সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে এখনো উদ্বেগ বিরাজ করছে। পর্যটননির্ভর এলাকা হওয়ায় লাউয়াছড়ায় এমন ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে আমার সিলেট প্রতিনিধিকে জানানো হয়েছে, “মরদেহের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।”
পুলিশ সাধারণ জনগণের কাছে আহ্বান জানিয়েছে—উদ্ধার হওয়া নারীর পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করার জন্য।
রহস্যঘেরা এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত উদঘাটনের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
