এম এম সামছুল ইসলাম : পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে ঈদের আনন্দ উপভোগে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে নেমেছে পর্যটকদের ঢল। ঈদের দিন থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত প্রায় অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ী, বনবিভাগ ও পর্যটন পুলিশের কর্মকর্তাদের মতে, এবারের ঈদে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগ করেছেন। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাধবকুণ্ড এলাকা।
বুধবার সরেজমিনে দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক থেকে শুরু করে জলপ্রপাত পর্যন্ত পুরো অভ্যন্তরীণ সড়কজুড়ে পর্যটকদের ভিড়। কেউ মূল জলপ্রপাতের দিকে ছুটছেন, আবার কেউ উপরের ঝর্ণা থেকে নেমে আসা পানির অপরূপ দৃশ্য, বিশাল পাথর, পাহাড়ি সবুজ প্রকৃতি ও চা-বাগানের মনোরম সৌন্দর্য উপভোগ করছেন।
কথা বলে জানা যায়, আগত পর্যটকদের বেশিরভাগই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। ঈদের পরের দিনগুলোতে চাকরিজীবীদের উপস্থিতি বেশি থাকলেও বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া নারী ও শিশু পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য।
পর্যটন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঈদের দিনসহ গত চার দিনে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার পর্যটকের আগমন ঘটেছে মাধবকুণ্ডে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বনবিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা এবং পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদের আগেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সার্বক্ষণিক নজরদারি ও তৎপরতার ফলে কোনো ভোগান্তি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বনবিভাগ ও পর্যটন পুলিশের সঙ্গে সমন্বয় করে থানা পুলিশের নজরদারি জোরদার থাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
