কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগ ও অর্থায়নে এবং শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সোমবার (৮ এপ্রিল) শ্রীমঙ্গলের নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামসুন্নাহার পারভীন এবং নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রশান্ত নিকোলাস ক্রুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সুচিত্রা ধর, সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সদস্য মো. কাওছার ইকবাল ও উম্মে নাফিসা মাইমুনা।
এর আগে ৬ এপ্রিল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ওই পর্বের বিতর্কের বিষয় ছিল—“আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ”।
ফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়—“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এবং “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”।
সেমিফাইনালে অংশ নেয় সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বাডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে ওঠে।
চূড়ান্ত পর্বে নটর ডেম স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা বিতার্কিক নির্বাচিত হন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা মো. আসাদুজ্জামান শিহাব।
ফাইনাল পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিরুদ্ধ সেনগুপ্ত। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক মো. জয়নুল আবেদীন, ঝুমু রাণী দেবনাথ ও স্বপ্না মজুমদার।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে তারা যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, বিতর্কের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো প্রয়োজন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
