কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ-এর স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা জানান, বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত আলতাফুর রহমান (নাজমুল) নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেছেন। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদকে কেন্দ্র করেই এ মামলা করা হয়েছে।
বক্তারা মামলাটিকে হয়রানিমূলক বলে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
সভা থেকে দ্রুত বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
