সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার): দেশের ৮ বিভাগের ১১টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। সিলেট বিভাগের মধ্যে একমাত্র মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নকে এই পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) জুড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮২১ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জানা যায়, জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে মোট ৮২১ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। তবে দুইজন কৃষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাদের হিসাব খোলা সম্ভব হয়নি। তালিকাভুক্তদের মধ্যে ৬৫০ জন পুরুষ এবং ১৭১ জন নারী কৃষক রয়েছেন।
ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার-এর উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, ডিআইজি সিলেট মো. মুশফেকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
