বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে এক ডাকাত সদস্য সহযোগীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকার লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে বর্তমানে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছেন। গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে গিয়াস উদ্দিন দরজার গ্রিল ধরে প্রতিরোধের চেষ্টা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার শুরু করেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে অবস্থানরত ডাকাত দলের অপর এক সদস্যের মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত সহযোগীকে রেখে বাকি ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে এবং ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
