শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে একটি আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া মূল্যবান মেশিনের মোল্ডসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে বিভিন্ন লোহার তৈরি মূল্যবান মোল্ড চুরি হয়। ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি অভিযানিক দল গঠন করা হয়। পরে ২৬ এপ্রিল রাতে শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নিতাই মালাকার (২৮), পিতা ননী মালাকার, সাং দক্ষিণ উত্তরসুর, শ্রীমঙ্গল এবং মো. মিলন শেখ (৩৮), পিতা ফজল শেখ, সাং আদার কান্দি, জাজিরা, শরীয়তপুর।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মেশিনের মোল্ড উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
