কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী সোহেল আহমদ (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে সোহেল আহমদ তার স্ত্রী ফারহানা বেগম (৩২)-কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফারহানা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত সোহেল আহমদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২১, তারিখ: ২৯/০৪/২০২৬ খ্রি., ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)।
পরবর্তীতে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) কবির হোসেন, এসআই শাহ আলম, এসআই সোহাগ চৌধুরীসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ২৯ এপ্রিল কানাইঘাট থানাধীন কালীনগর বাগরা এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন স্থান থেকে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে ২৯ এপ্রিল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
