কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টাকালে এক যুবক ও এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আতিকুর রহমান চৌধুরীর ছেলে ব্যবসায়ী মইনুল ইসলাম চৌধুরী সামাদ এবং একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মৃত তাহির আলীর মেয়ে জেসমিন আক্তার।
পুলিশ সূত্র জানায়, জেসমিন আক্তারের সঙ্গে তার সাবেক স্বামী মাহতাব মিয়ার পারিবারিক বিষয় নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। সম্প্রতি স্বামী বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পেয়ে তাকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে বৃহস্পতিবার জেসমিন আক্তার নগদ দুই লাখ টাকাসহ সামাদ চৌধুরীকে নিয়ে থানায় আসেন।
এসময় থানায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের দ্বি-বার্ষিক পরিদর্শন চলছিল। উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।
পরে জেসমিন আক্তার পুলিশ সুপারের সঙ্গে দেখা করলে, সামাদ চৌধুরী কৌশলে তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে রেখে ৪০ হাজার টাকা পুলিশ সুপারের কাছে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সুপারের নির্দেশে সামাদ ও জেসমিনকে টাকাসহ আটক করা হয়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে কুলাউড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুলাউড়া থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, জেসমিন আক্তার কয়েকদিন ধরে তার সঙ্গে দেখা করার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করছিলেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
