শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে এক মুসল্লিকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল কুমিল্লাপাড়া জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ সিজদার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। হামলায় কলম বা ছাতার মতো কোনো বস্তু দিয়ে চোখ, মাথা ও মুখে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ঘটনা ও এর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
