নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চুরি, ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ ইংরেজি তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় দুই মাদক কারবারি—১. গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫), পিতা: মৃত সুব্রত বুনার্জী, সাং: এলবিন টিলা, থানা: জুড়ী, জেলা: মৌলভীবাজার এবং ২. সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭), পিতা: মৃত গোবিন্দ বুনার্জী, সাং: রাজকি চা বাগান, থানা: জুড়ী, জেলা: মৌলভীবাজারকে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, শ্রীমঙ্গল থানার অফিসার ইন জারি এস কে জহিরুল ইসলাম মুন্না বলেছেন, মাদকের ৫ লাখ টাকা সহ দুইজন,পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে মোট ৭ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
