জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলার সচেতন নাগরিক ও স্থানীয় মৎস্যজীবীদের উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেলাগাও গ্রামের সমাজসেবক রেজান আলী। এসময় বক্তব্য দেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ ও আজিজ মিয়াসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ীতে কর্মরত থেকে হাকালুকি হাওরকেন্দ্রিক একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। তাঁদের দাবি, সরকারি নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন বিলে সেচ মেশিন ব্যবহার করে মাছ আহরণের মাধ্যমে জলজ সম্পদের ক্ষতি করা হচ্ছে। চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন বিলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্টদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে তাঁদের ধারণা। তারা দ্রুত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
