শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে হত্যা মামলার ২ আসামি, ‘শাপলাবাগ’ ঘটনার আরও ১ আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০ মে ২০২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় এজাহারভুক্ত দুই আসামি— ফুসকুড়ি চা বাগান এলাকার পরেশ নায়েক (৬৩), পিতা মৃত পুতুল নায়েক এবং ভুট্টু সাওতাল (৬৫), পিতা মৃত ধরণী সাওতালকে সোমবার (১১ মে) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৯ মে দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবায় আবিদ আলী (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে পৃথক আরেক অভিযানে ‘শাপলাবাগ’ ঘটনার আসামি রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯), পিতা শাহীন মিয়া, শাপলাবাগ রেল কলোনি এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও ৩ জনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
