বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সকালে শাহিন হোসেন নিজ ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, পলাতক ট্রাকচালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
