বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপক দাস (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) উপজেলার বর্নি ইউনিয়নের রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রূপক দাস একই গ্রামের বাসিন্দা উপেন্দ্র কুমার দাসের ছেলে। তিনি পাকশাইল আডিয়াল হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে রূপক দাসের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকশাইল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বন্ধুদের সাথে একই ইউনিয়নের মানাদি গ্রামের এক বসতবাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন রূপক। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে তার বন্ধুরা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রূপক দাসকে মৃত ঘোষণা করেন। বর্তমানে অপর ৩ জন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপক চন্দ্র দাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
