বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে দর্শনা খালে এ অভিযান চালানো হয়।
অভিযানে খালের ওপর আড়াআড়িভাবে কাঠ দিয়ে নির্মিত দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ও বাঁধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
