শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হোটেলে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক হোটেল ব্যবসায়ী।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত ‘জুবায়ের হোটেল’-এ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ তারেক মিয়ার দাবি, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তার হোটেলে এসে তাকে মারধর ও ভাঙচুর চালান।
অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে তাকে লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তিনি হাতে গুরুতর আঘাত পান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার পিতা রহমত মিয়াকেও মারধরের অভিযোগ করা হয়েছে।
এছাড়া হোটেলের আসবাবপত্র ভাঙচুর এবং ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোঃ রশিদ খাঁ, মোঃ আসলাম খাঁ, তুহিন মিয়া, ইমরান খাঁ ও মোশাহিদ খাঁসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
