বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ময়না গঞ্জু পাথারিয়া চা বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে ‘বিশ্বজিৎ’ নাম উল্লেখসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় লেখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত টানাপোড়েন ও মানসিক অস্থিরতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়না গঞ্জুর বিয়ে হয়। তবে দীর্ঘদিন সংসার জীবনে সন্তান না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এর জেরে প্রায় এক বছর আগে তিনি পিত্রালয়ে চলে আসেন। পরে বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি স্বজনদের।
বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
