নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থানে সুবোলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে পুনঃখনন কাজের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফলক উন্মোচন শেষে মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুনঃখনন কাজের উদ্বোধনী আলোচনা সভায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিসার আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমানের উন্নয়ন হবে। খালের পানি ব্যবহার করে কৃষকরা ধানসহ বিভিন্ন ফসলে সেচ দিতে পারবেন। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার হবে। ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোলীস্থান ঋষিবাড়ি থেকে প্রধান সড়ক অভিমুখী ৫৮০ মিটার সুবোলের খাল পুনঃখননে ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অসহায় শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ দিনব্যাপী ৭০ জন শ্রমিক কাজ করবেন। তাদের মজুরি বাবদ ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। অবশিষ্ট অর্থ ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যয় করা হবে।
