মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১১তম কংগ্রেস (১৫–১৭ জানুয়ারি ২০২৭) সফল করার লক্ষ্যে মৌলভীবাজারে দলের জেলা শাখার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা সাধারণ সম্পাদক কমরেড তাপস ঘোষের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড নুর আহমদ বকুল দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস, মব নৈরাজ্য, হত্যা, ধর্ষণ, সম্পত্তি দখল এবং রাজনৈতিক কার্যালয়ে হামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ফলে সাধারণ মানুষ মৌলিক নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও বেকারত্ব সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এসব সংকট মোকাবিলায় দমন-পীড়ন ও সাইবার আইনের মতো নিপীড়নমূলক ব্যবস্থার ওপর নির্ভর না করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে দক্ষিণপন্থী মৌলবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।
সভায় অবিলম্বে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং কমরেড ফজলে হোসেন বাদশাসহ নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
জেলা পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার ওপর জোর দেন। সভায় আগামী কংগ্রেসকে সামনে রেখে প্রতিটি সাংগঠনিক স্তরে সদস্যপদ নবায়ন ও দলীয় ভিত্তি শক্তিশালী করার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সিকান্দার আলী, আব্দুল আহাদ মিনার, আফরোজ আলী, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
