শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার
নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: কলার ছড়ি নামানোর সময় হঠাৎ সাপ বেরিয়ে আসায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল নতুন বাজারের একটি কলার আড়তে এ ঘটনা ঘটে। উদ্ধার করা সাপটি খয়েরী ফণীমনসা বলে শনাক্ত করা হয়েছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করে আনা কলার ছড়ির সঙ্গে সাপটি অনিচ্ছাকৃতভাবে আড়তে চলে আসে। কলার ছড়ির ভেতরে লুকিয়ে থাকায় প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা সাপটি খয়েরী ফণীমনসা। কলার ছড়ি এ ধরনের সাপের আশ্রয়স্থল হতে পারে। পাহাড়ি এলাকা থেকে আনা কলার ছড়ির সঙ্গে সাপটি অনিচ্ছাকৃতভাবে বাজারে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
কলার ছড়িতে আগেও সাপ
বন্যপ্রাণী উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, এর আগেও কলার ছড়ির ভেতরে লুকিয়ে সবুজ ফণীমনসা সাপ শ্রীমঙ্গলের বাজারে চলে আসার ঘটনা ঘটেছে।
এ কারণে পাহাড়ি ও বনসংলগ্ন এলাকা থেকে আনা কলার ছড়ি বাজারে ওঠানোর আগে সতর্কতার সঙ্গে পরীক্ষা করার প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
