কাওছার ইকবাল, শ্রীমঙ্গল: বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘আন্তঃবিভাগীয় বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ শুভসূচনা করেছে মৌলভীবাজার জেলা দল। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা বালিকা ফুটবল দলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ম্যাচে বিজয়ী দলের হয়ে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে নাসরিন ২টি, সেলচিনা ১টি এবং লিলি রাকসাম ১টি গোল অর্জন করেন। জানা গেছে, মৌলভীবাজার জেলা দলের এই কৃতি ফুটবলারদের সবাই শ্রীমঙ্গল উপজেলার সন্তান।
কোচ সালেহ আহমেদের গড়ে তোলা এই দলটি ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। ম্যাচ শেষে কোচ সালেহ আহমেদ বলেন, “দলের প্রতিটি খেলোয়াড় মাঠে নিজেদের সেরাটা দিয়েছে। এই ধারা বজায় থাকলে আগামীকাল রাঙ্গামাটি জেলার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও আমরা জয়ী হব, ইনশাআল্লাহ।”
আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালে রাঙ্গামাটি জেলা বালিকা ফুটবল দলের মুখোমুখি হবে মৌলভীবাজার জেলা দল।
