সালেহ আহমদ (স’লিপক): উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে (জিএসসি)-র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত এ সম্মেলনে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে চার শতাধিক ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতা, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষী সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জিএসসি ইউকের ফাউন্ডার্স কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
মহিলা নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ারম্যান হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খানসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ, ১০টি আঞ্চলিক ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৮ মেয়াদের জন্য মোহাম্মদ মকিস মনসুরকে সভাপতি (প্রেসিডেন্ট), আশরাফ মিয়াকে সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) এবং হেলেন ইসলামকে কোষাধ্যক্ষ (ট্রেজারার) নির্বাচিত করে জিএসসি ইউকের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সম্মেলন উপলক্ষে “ঐক্যের বন্ধন” নামে একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি আঞ্চলিক গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার পাশাপাশি আপ্যায়ন আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।
জিএসসি ইউকের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন, যুক্তরাজ্যের দূর-দূরান্ত থেকে এসে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়ে বৃহত্তর সিলেট কমিউনিটিকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধ করেছেন, যা অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁরা কমিউনিটির সবাইকে সাথে নিয়ে যুক্তরাজ্যজুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশী সকল এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমানের ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট দূরীকরণ ও যাত্রীহয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করাসহ প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর তাঁর বক্তব্যে বলেন, “আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের সার্বিক উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে জিএসসি ইউকে অগ্রণী ভূমিকা পালন করবে।” ঐক্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা যুক্তরাজ্যে যেখানেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ এক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
