নিখোঁজের দুই দিন পর উদ্ধার, সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দুই দিন পর আবুল কালাম ওরফে বলুচান (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাঙ্গীরাই ব্রিজসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম ওরফে বলুচান জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে লাশটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ভাই কামাল উদ্দিন বলেন, ‘আমার ভাই ১৫ সেপ্টেম্বর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গা থেকে হঠাৎ খবর পাই, আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।’
নিউ মার্কেট সিএনজি স্ট্যান্ডের সভাপতি সাইদুর রহমান সুমেল বলেন, ‘আমাদের স্ট্যান্ডের একজন শ্রমিক ভাই এবং আমার পাশের বাড়ির বলুচান দুদিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর দেহে অনেক আঘাতের চিহ্নসহ গলাকাটা লাশ পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় শ্রমিক সংগঠন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সংবাদ লেখা পর্যন্ত জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মারা দেহে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
