নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দেশের জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
নতুন অবকাঠামো নির্মাণের চেয়ে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারোপযোগী করার ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ সময় শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি এর মাঠ ও ড্রেসিংরুমের আধুনিকায়নের ঘোষণা দেন তিনি।
জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং এর ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। গ্যালারি, ড্রেসিং রুম ও প্রেস বক্সের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করে স্টেডিয়ামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারের বিষয়ে তিনি জানান, ইউনিয়ন ও নগরীর ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠসহ দেশের যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলোকে দ্রুত দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের রূপরেখা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আসরে কেবল অংশগ্রহণ নয়, বরং সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সরকার। এ লক্ষ্যে বছরব্যাপী প্রশিক্ষণ এবং আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আসরে ভালো করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
