আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে যোগ দিতে এসে দুই কর্মীকে আটক করেছে স্থানীয় ছাত্রদল ও জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সিলেট থেকে মোটরসাইকেলযোগে এসে মানিকগঞ্জ বাজারের মিছিলে যোগ দেওয়ার কথা ছিল তাদের।
গত রোববার গভীর রাতে সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার গভীর রাতে ছাতক উপজেলার বিভিন্ন পয়েন্টে অতর্কিতভাবে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের শতাধিক নেতাকর্মী। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে তারা এই শোডাউন ও ঝটিকা মিছিল করার চেষ্টা চালায়। গোপন সূত্রে এ খবর পেয়ে স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। মিছিল চলাকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বোকারভাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুজনকে আটক করা হয়।
জানা যায়, আটককৃতরা সিলেট থেকে এসে ছাতকের মানিকগঞ্জ বাজারে অনুষ্ঠিত ওই ঝটিকা মিছিলে যোগ দেওয়ার জন্য রওয়ানা হয়েছিল। মিছিলের মূল উদ্দেশ্য ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করা।
পরবর্তীতে স্থানীয় জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘেরাও করে আটক করেন এবং রাতেই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
আটককৃত ব্যক্তিরা হলেন—
১. রুমেল আহম্মেদ রুবেল: পিতা- মৃত আবুল খায়ের ওরফে পরবার, মাতা- রেজিয়া বেগম। স্থায়ী ঠিকানা: বিরানী বাজার, বহিতেনাপুর (থানা: বিশ্বনাথ, জেলা: সিলেট); বর্তমান ঠিকানা: জিন্দাবাজার (জল্লারপাড়), কোতোয়ালি, সিলেট।
২. সুমন আহম্মেদ: পিতা- আব্বাস আলী, মাতা- বেসিনা বেগম। স্থায়ী ঠিকানা: সবমঙ্গল (থানা: দোয়ারাবাজার, জেলা: সুনামগঞ্জ); বর্তমান ঠিকানা: শেখঘাট, সিলেট।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার পেছনে অন্য কারা জড়িত রয়েছে এবং ছাতক ও আশপাশের এলাকায় এ ধরনের নাশকতার কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রদলের হাতে আটক দুজন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
