শ্রীমঙ্গল প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য ও নাগরিক ব্যবস্থাপনার সঙ্গেও সম্পৃক্ত। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা এবং কার্যকর মশকনিধন কার্যক্রম জোরদার করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আখতার হোসেন, হাফিজ আহমেদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, এম এ রকিব ও এহসান বিন মুজাহির। এছাড়া বসুন্ধরা শুভসংঘের শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য দেন।
সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ৭৭৬ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে এবং ৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৩২ জন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
বক্তারা বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
