নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে ‘শান্তি-সম্প্রীতি’ রক্ষা ও ‘মাদকমুক্ত গ্রাম’ গড়ার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সভার আয়োজন করা হয়।
আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে এবং মশিউর রহমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব সম্প্রদায়ের প্রতিনিধি জাহাঙ্গীর শেখ।
আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন খানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—লোহাগড়া থানার এএসআই সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান খান, আমজাদ হোসেন মল্লিক, সাইফুজ্জামান মল্লিক, তারিকুল ইসলাম খান ছবি, জাহিদ সরদার, গোলজার মৃধা, ওহিদ গাজী, মহসিন শেখ ও সাজেদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আমাদা গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী সবসময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, কেউ মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে যুক্ত থাকলে তাকে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গ্রামটিকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে তরুণ ও যুবসমাজের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা কে এম রেজাউল ইসলাম এবং অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন খান।
