নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শালনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে বিকেল ৩টার দিকে ইসলাম শেখ ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতানের পক্ষের লোকজন তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের লোকজন আহত অবস্থায় ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
