নড়াইল প্রতিনিধি: নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তানভীর তেল পাম্পের বিপরীত পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। এতে তাঁর শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
