নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত আরও সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান সরদার ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের আসলাম ও তার অনুসারীরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিসকানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে গেলে নারীসহ আরও অন্তত সাতজন আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মিসকানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
