নড়াইল প্রতিনিধি,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআন খতম, দোয়া ও মোনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯টায় সুলতান সংগ্রহশালা চত্বরে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসন, জেলা পরিষদ, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম
এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মেছের আলী ও মা মাজু বিবি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদের সম্মাননা লাভ করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি বিভিন্ন সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টারের ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকার ‘ম্যান অব এশিয়া’ স্বীকৃতি।
শিল্পীর স্মৃতি ও শিল্পকর্ম সংরক্ষণ এবং চিত্রশিল্পের বিকাশে অবদান রাখার লক্ষ্যে ২০০১ সাল থেকে এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হচ্ছে।
