মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার লক্ষ্যে ইতালিতে ‘বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব ইতালি’র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার রাজধানী রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রাখাই এই ক্লাবটির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
জামিল হোসেন,মুজিবুর রহমান,
নাহিদ আহমেদ,প্রিন্স হাসান আহমেদ,সাবেল আহমেদ,লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি খেলাধুলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নেতৃবৃন্দ আরও ব্যক্ত করেন যে, বৃহত্তর সিলেটের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে প্রবাসী তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্লাবের এই আয়োজন অব্যাহত থাকবে। ভবিষ্যতে ইতালিতে আরও বড় পরিসরে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানান তাঁরা।
