নড়াইল প্রতিনিধি: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এস এম সুলতানের শিশুস্বর্গে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের ছোট হাতের রঙ-তুলিতে গ্রামীণ পরিবেশ-প্রকৃতি, এস এম সুলতানের প্রতিকৃতি, দেশের ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় ফুটে উঠেছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাসসহ বিভিন্ন পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সংগ্রহশালা চত্বরে সুলতানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।
চিত্রশিল্পে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা লাভ করেন। এ ছাড়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। উল্লেখ্য, ২০০১ সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের গুণী চিত্রশিল্পীদের ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হয়।
