বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং তাদের গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় বেনাপোল পৌর এলাকার বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী ও যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, হবিবর রহমান হবি, তাজউদ্দীন, যুবদল নেতা আল মামুন বাবলু, শিক্ষক ইন্তাজুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি বাবা-মায়ের ত্যাগ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং পরিবারের সহযোগিতা তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ অর্জন তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও দেশ গঠনে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
