বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিরাজ গাইন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাতে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল তনিমা ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে এসেছিলেন। বাজারে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পুলিশের টহল দলের সন্দেহ হয়। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজন ও এসআই মাহবুবুর রহমান।
আটক মিরাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
