বিশেষ প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রের বিখ্যাত সুফি সাধক হজরত সৈয়দ আহমদ জিলানী সরকার (জিলানী বাবা) আর নেই। গত ২৭ সেপ্টেম্বর মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিজ আস্তানায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ থেকে ৮০ বছর। তিনি অসংখ্য ভক্ত, অনুরাগী ও আধ্যাত্মিক অনুসারী রেখে গেছেন।
আজ ২৮ সেপ্টেম্বর সকালে গড়চিরোলিতে অবস্থিত তাঁর খানকাহ্ ও আস্তানায়ে শরীফ প্রাঙ্গণে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার আলেম-ওলামা, সুফি অনুসারী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শেষ দর্শনের জন্য আস্তানায় অনুসারীদের উপচে পড়া ভিড় সামলাতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জানাজা শেষে পরম শ্রদ্ধায় আস্তানা প্রাঙ্গণেই তাঁকে সমাহিত করা হয়।

(ছবিটি এ আয় দ্বারা স্বচ্ছকৃত)
ভারতের জনপ্রিয় মারাঠি দৈনিক ‘সকাল’সহ স্থানীয় গণমাধ্যমগুলোতে উনার ইন্তেকালের খবরটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। সংবাদে তাঁকে সামাজিক সম্প্রীতি ও আধ্যাত্মিকতার অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।হায়দ্রাবাদে জন্ম নেওয়া এই সাধক ১৯৯৬ সালে গড়চিরোলিতে আগমন করেন এবং দীর্ঘ প্রায় তিন দশক সেখানে আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সাধারণ মানুষকে ভালোবাসার বার্তা দেওয়ার কারণে স্থানীয় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই তিনি অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। উনার ইন্তেকালে স্থানীয় আলেম সমাজ ও ভক্তকূলের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
