স্টাফ রিপোর্টার: ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন ও অন্ধকার এলাকা থেকে স্থানীয় এক যুবকের সহায়তায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাওলানা জসিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদরাসার শিক্ষক এবং উপজেলার ভৈরবগঞ্জবাজার (মাজদিহী) গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা কোনো এক উদ্দেশ্যে তাকে নির্জন স্থানে নিয়ে অচেতন অবস্থায় ব্রিজের নিচে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সেতু সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন স্থানে তাকে পড়ে থাকতে দেখে এক স্থানীয় যুবক পুলিশ ও উদ্ধারকারীদের খবর দেন এবং হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারে ও মাদরাসা এলাকায় চরম শোকের ছায়া নেমে আসে।
বরুণা মাদরাসা কর্তৃপক্ষ ও নিহতের শোকাহত পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হামলা বা চক্রান্ত বলে দাবি করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে এর সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভৈরব থানা পুলিশ সুত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ হাসপাতালের প্রক্রিয়া ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কোনো পূর্বশত্রুতার জেরে ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত পরবর্তী সংবাদে আসছে
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
