নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— খাইরুল সিকদার (৪০), তাঁর তিন ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাঁদের মা কুলসুম বেগম (৫৫)।
ভুক্তভোগী খাইরুল সিকদারের অভিযোগ, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত সপ্তাহে জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ জানালে খাইরুল ও তাঁর ভাইদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি জানান, ওই ঘটনার জের ধরে শনিবার রাতে তিনি ও তাঁর তিন ভাই বাজার থেকে বাড়ি ফেরার পথে জুয়েল সিকদারসহ কয়েকজন তাঁদের গতিপথ রোধ করেন। এ সময় হামলাকারীরা চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। স্বজনদের বাঁচাতে খাইরুলের স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
