মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় পুলিশ সুপারসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করছে এই চক্রটি। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
ছবিতে প্রদত্ত বিশেষ সতর্কতামূলক বার্তা অনুযায়ী, প্রতারকরা হোয়াটসঅ্যাপে পুলিশ বক্স স্থাপনে সহায়তার নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা বা অর্থ দাবি করছে।
জনসাধারণের জন্য জেলা পুলিশের পরামর্শসমূহ:
- এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
- পুলিশ পরিচয়ে কেউ হোয়াটসঅ্যাপ, ফোন বা অন্য কোনো মাধ্যমে অর্থ বা চাঁদা দাবি করলে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না।
- সংশ্লিষ্ট থানা বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিচয় ও দাবির সত্যতা যাচাই করুন।
- প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো বার্তা কিংবা কল পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন এবং প্রাপ্ত তথ্য বা স্ক্রিনশট সংরক্ষণ করুন।
- সচেতন থাকুন, প্রতারণা থেকে নিরাপদ থাকুন।
উপরোক্ত বিষয়টি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
