বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অস্ত্র প্রদর্শনের ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিসঞ্চার করার উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
