বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার ‘প্রাইম ব্রিকস্’ ইটভাটার সামনে থেকে এই চালানটি জব্দ করা হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গতিরোধ করে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও দুজন অজ্ঞাত ব্যক্তি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮টি স্বর্ণের বার এবং যাতায়াতে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত ১৮টি স্বর্ণের বারের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা প্রায় ১৮০ ভরি। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর আনুমানিক দাম ৪ কোটি টাকা।
এ ঘটনায় শার্শা থানায় স্বর্ণ চোরাচালান আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক দুই আসামির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
