কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘স্টেপনি অল সেন্টস স্কুল’-এর প্রধান শিক্ষকসহ ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিলেট বিভাগ সফর করেছেন।
লন্ডনের স্টেপনি অল সেন্টস স্কুলের গণিত ও বাংলা বিভাগের শিক্ষক বদরুল আলমের নেতৃত্বে এই সফরকারী দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মিস্টার বেঞ্জামিন সিয়াও (Mr. Benjamin Siao), উপ-প্রধান শিক্ষক শিউলী বেগম, সহকারী প্রধান শিক্ষক ও ধর্মযাজক মিস্টার জুডিথ ডাউগার্টি (Mr. Judith Dougherty) এবং থেরাপিস্ট শিক্ষক সুমিনা কাজী।
সফরকালে প্রতিনিধিদলটি সিলেটের বিয়ানীবাজার উপজেলার হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। অতিথিগণ স্কুলে পৌঁছালে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে করতালির মাধ্যমে ফুল দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে অতিথিরা তাঁদের সম্মানে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
মূলত সিলেট বিভাগের প্রাকৃতিক সৌন্দর্য স্বচক্ষে প্রত্যক্ষ করতেই যুক্তরাজ্য থেকে আসা এই শিক্ষক প্রতিনিধি দলের আগমন। ভ্রমণের অংশ হিসেবে তাঁরা দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গলে অবস্থান করেন এবং এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক স্থানসমূহ পরিদর্শন করে গভীর সন্তোষ প্রকাশ করেন।
শ্রীমঙ্গল সফরকালে গত রাতে শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে সফররত শিক্ষক প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। উক্ত নৈশভোজে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, টি স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা, সাবেক সহ-সভাপতি হাসনাত ওয়াকার, ফিনলে চা বাগানের হেড ক্লার্ক ইয়াসিন আলী, সামাজিক ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, চা বাগান কর্মকর্তা মতিউর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদ গাজী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল কবির, চা বাগান কর্মকর্তা শিবলী নোমান আহমেদ এবং ডা. নিশাত নওয়াল মুমুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
