মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সাফল্য ক্রমেই বিস্তৃত হচ্ছে। একসময় কাজের সন্ধানে ইউরোপে পাড়ি জমানো প্রবাসীরা এখন শ্রমজীবী পরিচয়ের গণ্ডি পেরিয়ে নিজ নিজ যোগ্যতা ও উদ্যোগে গড়ে তুলছেন সফল ব্যবসাপ্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় ইতালির রাজধানী রোমের প্রবাসী অধ্যুষিত সেন্তোচেল্লে এলাকায় দেশীয় স্বাদ ও আধুনিক আভিজাত্যের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘শখের হাঁড়ি’।
শুক্রবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন এবং শতভাগ হালাল ও মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ নকশা ও পরিবেশের প্রশংসা করেন। অতিথিদের অনেকেই রোমে গড়ে ওঠা দেশীয় রেস্টুরেন্টগুলোর মধ্যে ‘শখের হাঁড়ি’র নান্দনিক সাজসজ্জাকে উল্লেখযোগ্য বলে অভিহিত করেন।
পেশায় স্থপতি (আর্কিটেক্ট) জুয়েল আহমেদ। স্থাপত্যশিল্পের পাশাপাশি নিজের আগ্রহ ও শখ থেকে রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি। ইতালির স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের জন্য মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত ও খাঁটি দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে রোমের বাংলাদেশি কমিউনিটির জন্য ‘শখের হাঁড়ি’ আড্ডা, খাবার ও পারস্পরিক যোগাযোগের একটি নতুন ঠিকানা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে দেশীয় এই উদ্যোগ ইতালীয় নাগরিকদের কাছেও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোক্তা পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
