শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল ও মশারি জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জলমহালে স্থাপিত অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের অন্তর্গত চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক। আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযানকালে বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ ছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দকৃত অবৈধ জালগুলো বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি জলমহালে অবৈধভাবে স্থাপিত নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, হাইল হাওরসহ বিভিন্ন জলমহালে অবৈধভাবে মাছ শিকার, নিষিদ্ধ জাল ব্যবহার ও জলজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
