এক পা বিচ্ছিন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু; চালক-হেলপার আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক টমটমচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মান্নানের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতরভাবে জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি তিন সন্তানের জনক।
দুর্ঘটনার পর সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ড্রাম ট্রাকটি জব্দ করে। পরে ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)কে আটক করা হয়।
সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
